রংপুরে মাদ্রাসায় ছাত্রীকে হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:৩৮ পিএম

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে তাজুল ইসলাম তুহিন (৩৮) নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার কাউনিয়া উপজেলার একটি দাখিল মাদ্রাসায়।

ভুক্তভোগী শিক্ষার্থী ও এক অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

অভিযুক্ত তুহিন উপজেলার মীরবাগ বাহাগিলী গ্রামের আবুল হোসেনের ছেলে এবং ওই এলাকার সিঙ্গারকুড়া আহমাদিয়া বালিকা দাখিল মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক।

থানায় দায়ের করা ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবকের লিখিত অভিযোগে জানা যায়, তাজুল ইসলাম তুহিন দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে একা পেয়ে যৌন হয়রানি করেন তুহিন। এ সময় মেয়েটি চিৎকার দিলে তার সহপাঠীরা এগিয়ে যান। তখন তুহিন বিষয়টি অন্যদের না বলার জন্য ওই শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান। পরে মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবাকে জানান।

এ ঘটনার প্রেক্ষিতে ওই দিনই একাধিক শিক্ষার্থী এবং এক অভিভাবক মাদ্রাসার তত্ত্বাবধায়ক বরাবর  তুহিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

এ ছাড়া বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম বলেন, একাধিক শিক্ষার্থী এবং এক অভিভাবকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক তাজুল ইসলাম তুহিনকে শনিবার  (২৭ আগস্ট) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম তুহিন অভিযোগ অস্বীকার করেন।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত