বিসিবি পরিচালক আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১০:৪১ এএম

রাজধানীর মহাখালী ডিওএইচএসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত ১১টার দিকে ডিওএইচএস তিন নম্বর রোডের দুটি ভবনের মাঝে নিচে পড়েছিল মরদেহটি।

নিহত সাহিদা আক্তার (২৫) ১৪ বছর ধরে আকরাম খানের বাসায় কাজ করছিলেন। তার বাড়ি চট্টগ্রামে।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ছয়তলা ভবনের পাঁচ ও ছয়তলা ডুপ্লেক্স বাসায় থাকেন আকরাম খান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে মারা যান সাহিদা। মরদেহ বাসার পেছনে পাওয়া যায়। পেছনেও আরেকটি ভবন আছে। অর্থাৎ, দুই ভবনের মাঝে পড়েছিল মরদেহ।

সাহিদার বাঁ হাত ভাঙা এবং শরীরে কিছু জখম দেখা গেছে জানিয়ে ওসি বলেন, ‘ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে আসলে কী হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত