স্বাস্থ্য অধিদপ্তর গত দুদিনে দেশের ৫২৪টি অবৈধ বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে। এ সময় জরিমানা আদায় করা হয়েছে ৯ লাখ ১৫ হাজার টাকা। সারা দেশে গত ২৯ আগস্ট থেকে ৯৬ ঘণ্টার এই অভিযান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় লাইসেন্স নেই এমন সব বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করে দেওয় হবে বলে জানিয়েছে অধিদপ্তর। এই অভিযান আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুদিনে যেসব অবৈধ চিকিৎসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে রাজধানীর ১৫টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া ঢাকা বিভাগে ১৪৫টি, চট্টগ্রাম বিভাগে ৭৬টি, ময়মনসিংহ বিভাগে ৫৮টি, রাজশাহী বিভাগে ৫৩টি, খুলনা বিভাগে ১৪৯টি, রংপুর বিভাগে ১৯টি, বরিশাল বিভাগে ১২টি ও সিলেট বিভাগে একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানের সময় চিকিৎসাসেবায় নানা অনিয়ম পাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়। এর মধ্যে ঢাকা বিভাগে ১ লাখ টাকা, রাজশাহী বিভাগে ৭ লাখ ১৫ হাজার, খুলনা বিভাগে ৮০ হাজার, বরিশাল বিভাগে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
