স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন দেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আমাদের দক্ষ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী রয়েছে, হাসপাতালগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং যন্ত্রপাতি সচল রাখতে হবে, ডাক্তার নার্সদের ইন্টার পার্সোনাল রিলেশনশিপ ভালো রাখতে হবে। রেগুলার সুপারভিশন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে কুমিল্লা ও এর আশপাশের ৬ জেলার বিভিন্ন স্বাস্থ্য স্থাপনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘করোনার সময়ে আমাকে অনেকেই বলেছিল মেডিকেল স্টুডেন্টদের অটো পাস দেওয়ার জন্য। আমি সাফ জানিয়ে দিয়েছিনা, এটা হবে না। পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমেই পাস করে আসতে হবে মেডিকেল স্টুডেন্টদের।’
করোনার টিকার প্রসঙ্গ এনে তিনি বলেন, ‘করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। বহু দেশে বিনামূল্যে টিকা দেয়নি। আমরা সব মানুষকে বিনামূল্যে টিকা দিয়েছি।’
