অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:১০ পিএম

বাগেরহাটের শরণখোলায় কুলসুম আক্তার সাথী (১৯) নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কুলসুম দক্ষিণ রাজাপুর গ্রামের সাইকেল মেকানিক আরিফ ফরাজির স্ত্রী।

নিহতের ফুফাতো ভাই আব্দুর রহিম অভিযোগ করেন, এক বছর আগে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের পান্না ফরাজীর ছেলে আরিফের সঙ্গে বিয়ে হয় কুলসুমের। বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। ছয় মাস আগে স্বামী-শাশুড়ি ও ননদ মিলে তাকে পিটিয়ে আহত করে। সে সময় তাকে শরণখোলা হাসপাতালে এবং পরবর্তীতে খুলনা মেডিকেলে চিকিৎসা করানো হয়। 

তিনি আরও বলেন, তুচ্ছ ঘটনায় বিভিন্ন সময় নির্যাতন চালানো হতো কুলসুমের ওপর। আজ সকালে আরিফ ফোন করে কুলসুম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানালে আমরা সেখানে যাই। কুলসুমের স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে দাবি তার।

এ বিষয়ে জানতে নিহতের স্বামী আরিফ ফরাজীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। 

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, স্বামীর বাড়ি থেকে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ কুলসুমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত