চট্টগ্রামের চন্দনাইশের দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি থেকে ৩২ বছর বয়সী অজ্ঞাত এক আদিবাসী যুবকের লাশ শঙ্খ নদী থেকে অর্ধগলিত ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে ধোপাছড়ি-বান্দরবান সংযোগ সেতুর কাছ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় এক ব্যক্তি নদীতে লাশটি ভাসতে দেখে ৯৯৯ এ ফোন করে। খবর পেয়ে পুলিশের একটি টিম দুই হাঁটু গাছের ছালের সাথে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বান্দরবান সীমান্ত লাগোয়া চন্দনাইশ থানা অংশের শঙ্খ নদী থেকে উদ্ধার করা ওই যুবকের লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে দেহের অবয়ব দেখে মনে হচ্ছে আদিবাসী। লাশটি ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের চৌকিদার নুরুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
