চিলির প্রস্তাবিত নতুন সংবিধান প্রত্যাখ্যান করেছেন দেশটির নাগরিকেরা। গণভোটে পাস হলো না সংবিধানটি। পাস হলে এই সংবিধান হতো বিশ্বের অন্যতম প্রগতিশীল সংবিধান। ডানপন্থী দলগুলো প্রস্তাবিত সংবিধানের বিরোধিতা করেছিল।
রবিবার গণভোট শেষে প্রায় সব ব্যালট গণনার পর দেখা যায় ৬২ শতাংশ ভোটার প্রস্তাবিত সংবিধান প্রত্যাখ্যান করেছেন। পক্ষে ভোট পড়েছে ৩৮ শতাংশ।
প্রস্তাবিত এই সংবিধানের পক্ষে ছিলেন বামপন্থী প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ। সংবিধানের ৩৮৮টি অনুচ্ছেদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিস্তৃত সামাজিক অধিকার, বর্ধিত পরিবেশ বিধিমালা ও সরকারের ওপর সমাজকল্যাণ কর্মসূচি বাস্তবায়নের ব্যাপকতর দায়িত্ব। এতে লিঙ্গসমতা ও আদিবাসী প্রতিনিধিদের জন্য সংরক্ষিত আসনের বিষয়টিও প্রস্তাব করা হয়েছিল।
চিলির সবচেয়ে প্রগতিশীল শহর হিসেবে পরিচিত রাজধানী সান্তিয়াগো এবং এর পৌর এলাকাসহ দেশটির সব প্রদেশেই প্রস্তাবিত সংবিধানটি প্রত্যাখ্যাত হয়। অথচ গত ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সান্তিয়াগো এবং এর পৌর এলাকায় বিপুল ভোট পেয়েছিলেন বোরিচ।
চিলির বর্তমান সংবিধান লেখা হয় স্বৈরশাসক আগুস্তো পিনোশের আমলে। তিনি ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চিলি শাসন করেছিলেন।
পাস হলে প্রস্তাবিত সংবিধানটি হতো বিশ্বের অন্যতম প্রগতিশীল সংবিধান। এতে সামাজিক অধিকারের মতো বিষয়গুলো বাস্তবায়নে রাষ্ট্রের সামনে থেকে ভূমিকা রাখার কথা বলা হয়। এতে একটি জাতীয় স্বাস্থ্যসেবা পরিকল্পনাও নেওয়া হয়েছিল।
ডানপন্থী দলগুলোর যুক্তি, এসব প্রস্তাব অনেক বেশি উচ্চাভিলাষী এবং এগুলো কার্যকর আইনে পরিণত করা কঠিন।
রবিবারের প্রত্যাখ্যান থেকে শিক্ষা নিয়ে নতুন সংবিধানের আরেকটি খসড়া তৈরিতে কংগ্রেস এবং সমাজের বিভিন্ন পক্ষগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বোরিচ।
মধ্য-বাম এবং ডানপন্থী দলগুলোর যারা প্রস্তাবিত সংবিধান প্রত্যাখ্যানের প্রচারণা চালিয়েছিলেন, তারাও নতুন খসড়া প্রস্তুতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন। পরবর্তী সংবিধানে তাদের স্বার্থ আরও ভালোভাবে প্রতিফলিত হবে বলে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
