এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের পথ অনেকটাই প্রশস্ত করে রেখেছে পাকিস্তান। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে নিশ্চিত হবে এশিয়া কাপের দুই ফাইনালিস্ট। তবে মাঠের লড়াইয়ে নামার আগে টস ভাগ্যে জয়ী হয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।
টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। গত ম্যাচে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের একাদশ নিয়েই খেলতে নামছে পাকিস্তান। তবে আফগানদের দলে এসেছে দুই পরিবর্তন। সামিউল্লাহ শেনওয়ারির স্থলাভিষিক্ত হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই, এছাড়া নাভিন-উল হকের বদলী হিসেবে নামছেন ফরিদ আহমেদ।
টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের কারণ জানিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিশির পড়তে পারে বলে মনে হয়েছে, এতে রান তাড়া করা সুবিধাজনক হবে। তাই বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া। খেলোয়াড়দের মেজাজ ফুরফুরে আছে, আমরা তাই জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’
এবারের এশিয়া কাপের যারাই টস জিতে তারাই বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। একমাত্র বাংলাদেশ এক্ষেত্রে ব্যতিক্রম ঘটিয়েছিল। তবে যারা টস হারে তারাও জানায় টস জিতলে বোলিংটাকেই বেছে নিত। আফগান অধিনায়ক মোহাম্মদ নবিও আজ টস জিতলে ফিল্ডিংয়েই নামতেন, ‘আমরাও আগে বোলিং করতাম। পরে শিশির, সেইসঙ্গে বাতাসের আর্দ্রতাও হতে পারে। তবে আমরা ভালো বল করার চেষ্টা করবো এবং তাদেরকে লক্ষ্য ছোঁয়ার আগেই বেধে ফেলতে পারব বলে প্রত্যাশা। আমরা লাইন এবং লেন্থের ওপর ফোকাস করতে চাই। আশা করি আগের ম্যাচের ভুলের পুনরাবৃত্তি এ ম্যাচে হবে না।’
