কিশোর গ্যাংবিরোধী সমাবেশ আয়োজককে হত্যার হুমকি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৬ এএম

‘পুলিশ যদি এসে সমাবেশ করে তাহলে তোর পরিবারসহ তোকে মেরে ফেলব। সমাবেশ স্থগিত না করলে লাশ গুম করে ফেলব’ কিশোর গ্যাংবিরোধী সমাবেশ আয়োজন করায় মোবাইল ফোনে এমন হুমকি পেয়েছেন নারায়ণগঞ্জের ইউনিয়ন পরিষদ সদস্য শামীম আহমেদ। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় জিডি করেছেন তিনি।

কাশিপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম আহমেদ জানান, ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ নুর মসজিদ এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বাশমুলি দোকান এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাজু, সাজু বাহিনীর সঙ্গে ভোলাইল শান্তিনগর এলাকার সন্ত্রাসী সালু, হিরা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা ভাঙচুরসহ তা-ব চালায়। দুই এলাকার সন্ত্রাসীদের তা-বে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। পুলিশ এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটকও করে। ঘটনার পরদিন স্থানীয় ইউপি সদস্য শামীম আহমেদকে নিয়ে ফতুল্লা থানা পুলিশ অভিযানসহ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর বিট পুলিশিংয়ের উদ্যোগে পশ্চিম দেওভোগ এলাকায় সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজ ও কিশোর গ্যাংবিরোধী সমাবেশের আয়োজন করা হয়।

শামীম আহমেদ বলেন, ‘গত মঙ্গলবার বিকেলে অজ্ঞাতপরিচয় ০১৮৬৯৬৮০১৮৪ নাম্বার থেকে আমাকে ফোন করে সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজ ও কিশোর গ্যাংবিরোধী সমাবেশ স্থগিত করার জন্য হুমকি দেয়।’

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, তদন্ত করে অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত