ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে সিজান নামে দেড় মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মা শান্তা খাতুন ও নানা আবুল কালাম।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিজান উপজেলার ছোট শিমলা গ্রামের শিহাব হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সকালে শিশুটি মায়ের কোলে বসে নানার মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহগামী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মায়ের কোলে থাকা শিশুটি রাস্তার ওপর পড়ে গেলে দ্রুতগামী পিকআপটি শিশুটিকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় পিকআপ ও চালককে আটক করেছে পুলিশ।
