জাজিরায় স্বেচ্ছায় সড়ক সংস্কার করলেন একদল যুবক। উপজেলার পালেরচর-পূর্ব নাওডোবা ইউনিয়ন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের মেরামতের কাজ গত শুক্রবার ও গতকাল শনিবার দিনব্যাপী বিনা পারিশ্রমিকে পালেরচর যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে করা হয়। এতে ওই দুটি ইউনিয়নসহ অন্তত পাঁচটি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ উপকৃত হবেন।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের মধু মাদবরকান্দি থেকে পূর্ব নাওডোবা ইউনিয়নের সিকদারকান্দি পর্যন্ত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। দীর্ঘদিন ধরে মেরামত না করায় রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়। বৃষ্টি হলেই এক হাঁটু কাদা ও পানি জমে সড়কটিতে। ফলে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনসহ যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে, প্রতিনিয়তই ঘটে দুর্ঘটনা। এলাকাবাসী এলজিইডি ও ইউনিয়ন পরিষদকে পাকা রাস্তা করার দাবি একাধিকবার জানিয়ে আসলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই এলাকার যুবকরা মিলে টাকা তুলে স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করে।
রাস্তা মেরামতে অংশ নেন পালেরচর যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বেলায়েত হোসেন মাদবর, সহসভাপতি আনোয়ার হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক সালাম তালুকদার, উপদেষ্টা ডা. কাউসার আহম্মেদ, মনজুরুল ইসলাম মাদবর, বাচ্চু বয়াতি, সোনা মিয়া মাস্টার, সাংগঠনিক সম্পাদক মামুন মাদবর, দপ্তর সম্পাদক রনি ব্যাপারী, যুগ্ম সম্পাদক এরশাদ মাদবর ও ফয়জল মাদবরসহ এলাকার যুবকরা।
বেলায়েত হোসেন মাদবর ও সালাম তালুকদার বলেন, পালেরচর-পূর্ব নাওডোবা সড়কটি দিয়ে পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। তাছাড়া রাস্তার মধ্যে বড় বড় গর্ত থাকায় ইজিবাইক, ভ্যান, রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচলে খুবই সমস্যা হয়। মাঝেমধ্যে ঘটে দুর্ঘটনা। এলজিইডি ও ইউনিয়ন পরিষদে একাধিকবার রাস্তা মেরামতের জন্য জানালেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আমরা এলাকার যুবকরা মিলে স্বেচ্ছায় রাস্তা মেরামতের কাজ করছি। সরকারিভাবে রাস্তাটি পাকা করা হোক।
সোনামিয়া মাস্টার বলেন, রাস্তাটি অনেকদিন ধরেই ভেঙে আছে। বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহনসহ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা হয়। চেয়ারম্যান-মেম্বাররা প্রতিশ্রুতি দিলেও রাস্তাটি মেরামত করছেন না। রাস্তা মেরামতের জন্য এলাকাবাসীর টাকা দিয়ে ইট-বালু কিনে তরুণেরা স্বেচ্ছাশ্রমে মেরামত করছি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজি বলেন, সড়কটির ব্যাপারে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলে কী ব্যবস্থা নেওয়া যায় দেখছি।
