দেশে অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ‘মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র নেতারা।
গতকাল রবিবার বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে সিআইডির এক সমন্বয় সভায় এ প্রতিশ্রুতি দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া।
সভায় অবৈধ হুন্ডি ব্যবসা, বৈধ এবং অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন সিআইডিকে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে সহমত পোষণ করেন।
সভায় মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে এম ইসমাইল হক বলেন, হুন্ডি বা অর্থ পাচার রোধ, অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম এবং বৈধ মানি এক্সচেঞ্জের অননুমোদিত একাধিক শাখা স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে সিআইডির সঙ্গে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন একযোগে কাজ করবে। এ ছাড়া অবৈধ মানি এক্সচেঞ্জের তালিকা ও তাদের অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য দেওয়ার বিষয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন প্রতিশ্রুতিবদ্ধ।
