সম্প্রতি ঢাকা কলেজে কামড়ে পাঁচ শিক্ষার্থী আহত হওয়ার পর কুকুর অপসারণে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার অর্ধদিন কলেজ ক্যাম্পাসে পাগলা কুকুর (বিপদজনক কুকুর) চিহ্নিত করে অপসারণে অভিযান চালায় তারা। এ অভিযানে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জোন-১ এর সাত সদস্যের ভেটেনারি টিম অংশ নেয়।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১ এর ভেটেনারি অফিসার ডা. শরণ কুমার সাহা বলেন, ঢাকা কলেজ প্রশাসন আমাদের অভিযোগ জানায় ৫ থেকে ৭টি পাগলা কুকুর ক্যাম্পাসে অবস্থান করছে। কুকুরগুলো ৫-৬ জনকে কামড়ে দিয়েছে। যার প্রেক্ষিতে আমাদের এ অভিযান।
ডা. শরণ কুমার সাহা বলেন, আমরা ৭ সদস্যের একটি টিম ক্যাম্পাসে আসি। টিমের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫টি পাগলা কুকুর ধরতে সক্ষম হয়। কুকুরগুলোকে একটি প্রক্রিয়ার মাধ্যমে জনসমাগম এলাকার দূরে রেখে আসব।
এ বিষয়ে দক্ষিণায়ন হলের শিক্ষার্থী মো. মইনুল ইসলাম বলেন, কিছুদিন ধরে হলের আসে পাশে পাগলা কুকুরের উৎপাত বেড়ে গেছে। গতকাল (বুধবার) ৫-৬ জনকে কামড়ে দিয়েছে। এতে করে আমরা অনেক ভীতিকর পরিস্থিতিতে ছিলাম। সিটি করপোরেশনের অভিযানে কিছু পাগলা কুকুর ধরায় আমরা একটু স্বস্তি বোধ করছি।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমাদের কিছু ছাত্র এবং কর্মচারীকে একটি কুকুর মারাত্মক জখম করে। পরে আমরা তাদের হাসপাতালে পাঠাই এবং পাগলা কুকুরগুলো ক্যাম্পাস থেকে অপসারণ করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে লিখিত অভিযোগ করি। অভিযোগ পেয়ে তারা ক্যাম্পাসে এসে ৫টি পাগলা কুকুর ধরতে সক্ষম হয়। তারা বলেছেন, কুকুরগুলোকে অচেতন করে ময়লার ভাগাড় এলাকায় রেখে আসবে।
