ট্রেনে তল্লাশির জেরে বিজিবির হামলায় ৩ রেল পুলিশ সদস্য আহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫০ পিএম

খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন তল্লাশি কেন্দ্র করে বেনাপোলে বিজিবি ও রেল পুলিশ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিন রেল পুলিশ আহত হয়েছেন।

রোববার বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেন বেনাপোল স্টেশনে পৌঁছানোর পর বিজিবি সদস্যরা তল্লাশি করতে গেলে মমিন হোসেন নামে এক রেল পুলিশের সঙ্গে ছবি তোলা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি হলে রেল পুলিশের আরো দু সদস্য আহত হন।

আহত রেল পুলিশের সদস্যরা হচ্ছেন, মো. সেতাফুর রহমান, রেল পুলিশ মো. ইনতাজুল হক এবং রেল পুলিশের সদস্য  মো. মমিন।   

বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জামান, কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর লাগেজ  তল্লাশি করা যাবে না, রেল পুলিশের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য রাখার পর বিজিবি সদস্যরা মারমুখী আচরণ করে। পরবর্তীতে বিজিবির ২০/২২ জনের একটি টিম এসে রেল পুলিশের (আরএসবি) মো. মমিনকে তাদের গাড়িতে করে তুলে নিয়ে যায় বিজিবি ক্যাম্পে। তুলে নিয়ে যাওয়ার সময় অন্যান্য রেল পুলিশ সদস্যরা বাধা দিলে বিজিবি তাদের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে মো. সেতাফুর রহমান ও মো. ইনতাজুল হককে নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত  অপর আহত রেল পুলিশ মো. মমিনকে বিজিবির হেফাজতে থাকতে দেখা যায়। তবে এ ঘটনায় দু বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলছিল।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাহেদ মো. মিনহাজ সিদ্দিকী জানান, সামান্য ঘটনায় ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি দ্রুত মীমাংসা হয়ে যাবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত