চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমানের বরখাস্ত দাবি করেছে বিএনপি।
তারা বলছে, প্রকাশ্যে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে দোয়া চাওয়া প্রশাসনকে দলীয়করণের নগ্ন প্রকাশ। অনির্বাচিত অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রকাশ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর জন্য দোয়া চাওয়া সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
বিএনপির দাবি, সরকারি কর্মকর্তা হিসাবে ১৯৭১ সালের সরকারি কর্মচারী আচরণবিধি-২৫ লঙ্ঘন করার দায়ে তাকে অবিলম্বে বরখাস্ত করাই জনগণের দাবি।
পাশাপাশি অন্য সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে দলীয় কর্মকাণ্ডে সঙ্গে জড়িত না থাকার আহ্বান জানায় তারা।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে বিএনপির।
বিজ্ঞপ্তিতে তারা জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দলের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ সারা দেশে দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রমাণ হয় সরকার আরেকটি প্রহসনের একদলীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। বিরোধী দল বিহীন একটি সাজানো নির্বাচন অনুষ্ঠান করে ক্ষমতায় থাকাই তাদের মূল লক্ষ্য।
সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের বিরুদ্ধে করা হামলা, মামলা, দমনমূলক আচরণ অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়।
এতে দাবি করা হয়, অবিলম্বে হামলার সঙ্গে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। গ্রেপ্তার সব নেতাকর্মীকে মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, , আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুলুকে দেখতে হাসপাতালে মোশাররফ : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বুলুকে মঙ্গলবার দেখতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রাতে মোশাররফ দেশ রূপান্তরকে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত হয়েছিলেন বুলু। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেয়া হয়েছিল। এখন তার অবস্থা একটু ভালো আছে। বুলু মাথায় ৩২টার মতো সেলাই দিতে হয়েছে। তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন’।
