রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করলে পুলিশ বাধা দেবে না, তবে রাজনীতির নামে যারা আগুন সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
গতকাল বুধবার সকালে ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার এসব কথা বলেন। সভায় উপস্থিত পুলিশের একাধিক কর্মকর্তা ডিএমপি কমিশনারের এমন নির্দেশ দেওয়ার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
কমিশনার আরও বলেছেন, রাজনৈতিক কর্মসূচিতে সংঘাত বাড়ানোর জন্য কিছু মানুষ কাজ করে, তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ডিএমপির সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদারের সঞ্চালনায় অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
