মানিকগঞ্জে ২ ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০২:২৫ পিএম

পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আরশেদ আলী (৭৫) নামের এক বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চর উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আরশেদ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম।

এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ছেলেসহ চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- বড় ছেলের স্ত্রী সাহেরা (৩০), ছোট ছেলে মো. খোরশেদ আলী (৩৫), তার স্ত্রী রুমা (২৫) ও নাতি মোহাম্মদ আহাদ (২৫)। ঘটনার পর থেকে বড় ছেলে পলাতক রয়েছে।

পুলিশ জানায়, ১৫/২০ দিন আগে নিহত আরশেদ আলী বাড়ির পাশে চর উকিয়ারা জামে মসজিদের নামে ১০ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন। কবরস্থানে জমি দানকে কেন্দ্র করে ছেলেদের সঙ্গে তার কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে আজ সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহতের বড় ছেলে মো. খবির হোসেন, বড় ছেলের স্ত্রী সাহেরা, ছোট ছেলে মো. খোরশেদ আলী, তার স্ত্রী রুমা, নাতি মোহাম্মদ আহাদ আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে হত্যা করে।

মানিকগঞ্জের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, রোববার বেলা ১১টার দিকে ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত