ভাসানচরে রোহিঙ্গাদের দ্বিতীয় দফায় জীবিকা সামগ্রী বিতরণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৮ এএম

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জীবিকা নির্বাহ কার্যক্রম-২ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ৫১২টি পরিবারের মাঝে ১২ ধরনের জীবন ধারণের সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রায় ১ হাজার ৮০০ রোহিঙ্গা উপকৃত হবে। গতকাল বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভাসানচরে রোহিঙ্গাদের হাতে এসব সামগ্রী তুলে দেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আশ্রয়ণ-৩ প্রকল্প পরিচালক কমোডর এম রাশেদ সাত্তার, শরণার্থী সেলের প্রধান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাসান সারওয়ার প্রমুখ।

জীবিকা সামগ্রীর মধ্যে রয়েছেÑ ১১৫টি ঝাকি জাল, ১৫০টি সেলাই মেশিন, ৩০টি রিকশা ভ্যান, ৩০টি এম্ব্রয়ডারি আইটেম, ১৫০টি ছাগল, দুটি কম্পিউটার সেট, ২ সেট স্ক্যানার, ফটোকপি ও প্রিন্টার, ১২ সেট সেলুন সামগ্রী, ১০ সেট মুচির সামগ্রী, ১০ সেট রিকশা ভ্যান মেকানিক আইটেম, ১টি ক্যামেরা (ডিজিটাল) এবং ৪ সেট স্পোর্টস আইটেম। জীবন ধারণের সহায়ক সামগ্রী পেয়ে সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে উপকারভোগী রোহিঙ্গারা।

এর আগে গত বছরের ১৬ জুলাই প্রথমবারের মতো রোহিঙ্গাদের মাঝে জীবিকা নির্বাহ সামগ্রী বিতরণ করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত