নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সেখানে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আইজিপি রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ অন্যান্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি মোনাজাতে অংশগ্রহণ করেন।
বঙ্গবন্ধুর সমাধিতে পুনাক সভানেত্রীর শ্রদ্ধা: বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত চৌধুরী গতকাল দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেখানে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন।
