এক দিনে আরও ৫৬৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০২:১৬ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৫৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ রোগী। এ সময়ে দুজন মারা গেছে। এর আগে গত শনিবার এ দিনে সর্বোচ্চ ৬৩৫ জন। রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। ওই দিন একজন মারা গিয়েছিল। এ নিয়ে এ বছর গতকাল রবিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ২৯৫ জন এবং মারা গেছে ৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল পর্যন্ত সবচেয়ে বেশি ১৩ হাজার ১৫৯ জন ডেঙ্গু রোগীর রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দেশের অন্যান্য বিভাগে ভর্তি হয়েছে ৪ হাজার ১৩৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৩৬৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ২০৮ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ২১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ৬৬০ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৫৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে গত মাসে ডেঙ্গু নিয়ে ৯ হাজার ৯১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি একই সময়ে ৩৪ জন মারা গেছে। এর আগে গত আগস্টে ভর্তি হয়েছিল হাসপাতালে ৩ হাজার ৫২১ জন ডেঙ্গু রোগী ও মারা গেছে ১১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত