এইচএসসি পরীক্ষায় কোনো ধরনের ব্যত্যয় ঘটলে বা অনিয়মে সম্পৃক্ত থাকলে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল মঙ্গলবার চাঁদপুর শহরতলির বাবুরহাট এলাকায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।
এইচএসসি পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশে যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারি সে জন্য গণমাধ্যমসহ সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করি। বিশেষ করে কোথাও কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে গণমাধ্যমে তা তুলে ধরবেন। তার মাধ্যমে কোথাও যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমরা তা শুধরে নেওয়ার চেষ্টা করব।’
পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘যারা প্রশ্ন ফাঁসের চেষ্টা করে কিংবা যারা গুজব ছড়ায়, এমন কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে শিক্ষামন্ত্রী দুর্গাপূজার নবমীর দিনে মন্দিরে উপস্থিত ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের নিরাপত্তার খোঁজখবর নেন।
এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ আসিফ মহীউদ্দীন, সহকারী কমিশনার ভূমি হেলাল উদ্দিন চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারি, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক অজয় ভৌমিক প্রমুখ।
