ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বহরের একটি গাড়ির ধাক্কায় এক রিকশাচালকের দুই পা ভেঙে গেছে। এ ছাড়া মাথায়ও মারাত্মকভাবে আঘাত পেয়েছেন আইয়ুব আলী (৬০) নামের ওই রিকশাচালক।
বৃহস্পতিবার রাতে দাগনভূঞার ফাজিলের ঘাট রোডের রামানন্দপুর গ্রামের কালারটেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে ৫-৬টি গাড়ির বহর নিয়ে মাসুদ চৌধুরী দাগনভূঞা থেকে সোনাগাজীর গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় জগৎপুর গ্রামের আইয়ুব আলী অটোরিকশা নিয়ে একই সড়ক দিয়ে ফাজিলেরঘাট থেকে বাড়ি যাচ্ছিলেন। কালারটেক নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাসুদ চৌধুরীর গাড়ির পেছনে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত রিকশাচালককে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ওই ব্যক্তির দুটি পা ভেঙে গেছে। তিনি মাথায়ও আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
খবর পেয়ে দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান হাসপাতালে যান। তিনি জানান, অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এমপি মাসুদ উদ্দিন চৌধুরী জানান, তিনি বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে আর্থিকসহ সব ধরনের সহযোগিতা ও খোঁজখবর নেওয়ার জন্য পৌর মেয়রকে বলা হয়েছে। তিনি নিজেও প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
