হাঁসের গাড়ি বানিয়ে ফের ভাইরাল গাজীপুরের সুবহান বয়াতি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

কুকুর কিংবা ছাগল দিয়ে চালানো গাড়ি তো আগেই দেখেছে বিশ্ব। কিন্তু এবার রাস্তায় নামল হাঁসের আজব গাড়ি। নিজের সৃজনশীলতা আর খেয়ালি বুদ্ধিকে কাজে লাগিয়ে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন সেই ভাইরাল আব্দুল মোতালেব সুবহান বয়াতি।

গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা আব্দুল মোতালেব সুবহান বয়াতি, পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী। কিন্তু মাথায় তার ঘুরে নিত্যনতুন কিছু আবিষ্কারের নেশা। কোনো প্রচলিত যান্ত্রিক ইঞ্জিন ছাড়াই, নিজের চিন্তাভাবনা আর ভাঙারির টুকরো থেকে পাওয়া পার্টস জুড়েই তৈরি করে ফেলেন অভিনব সব যানবাহন। 
পেশা ভাঙারি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় এখন একজন জাঁদরেল ‘গ্রামীণ আবিষ্কারক’ হিসেবে।

এর আগে মাত্র ২০ হাজার টাকা খরচে কুকুর ও ছাগল চালিত ব্যতিক্রমী গাড়ি তৈরি করে তোলপাড় ফেলে দিয়েছিলেন সুবহান। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও ছাগলকে গাড়ির সামনে জুড়ে দিয়ে যখন তিনি গাজীপুরের রাস্তায় নামতেন, দেখতে ভিড় জমাতেন শত শত মানুষ। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুক আর টিকটকে, যা দেখে তাজ্জব বনে যায় নেটিজেনরা।

তবে এবার কুকুর-ছাগলের অধ্যায় পার করে নতুন এক অদ্ভুত চমক নিয়ে এসেছেন গাজীপুরের শ্রীপুরের এই বাসিন্দা। এবার তার বাহন হিসেবে যুক্ত হয়েছে হাঁস। পাঁচটি হাঁসকে ঘিরে তৈরি এই নতুন যানবাহন দেখতে প্রতিদিন সুবহানের ভাঙারি দোকানে উৎসুক জনতার ঢল নামে।

কম খরচে বুদ্ধি আর পরিশ্রম দিয়ে তৈরি এসব যানবাহন দেখে অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ। অনেকে একে দেখছেন খাঁটি গ্রামীণ প্রতিভা হিসেবে। তবে প্রশংসার পামাপাশি উঠছে প্রশ্নও! উদ্ভাবন যতটাই চমকপ্রদ হোক না কেন, যাতায়াতে পশুপাখির নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও মানবিক আচরণের বিষয়টি নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

কুকুর-ছাগল পেরিয়ে এবার হাঁসের গাড়ি-সুবহান বয়াতির এই পাগলাটে উদ্ভাবনী মেজাজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করেছে তীব্র কৌতূহল।

সর্বশেষ সর্বাধিক পঠিত