কুড়িগ্রামে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর জাপায় যোগদান

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০২:৩২ পিএম

কুড়িগ্রামে জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী।

শনিবার (৮ অক্টোবর) কুড়িগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্ত্বরে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এ সময় নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফরিদুল ইসলাম জোদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও ডা. মহসিন আলীর নেতৃত্বে ৫ শতাধিক বিএনপির নেতাকর্মী মোস্তাফিজুর রহমানের হাতে ফুলের তোরা দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। জাতীয় পার্টির পক্ষ থেকে সকলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আগামী দিনে জাতীয় পার্টির সু-দিন আসছে। এই অঞ্চলের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থাশীল। আর সে কারণে দলে দলে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা এখন জাতীয় পার্টিতে যোগদান করছে। 

তিনি আরও বলেন, জাতীয় পার্টি আরও সুসংগঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত