গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান এবং মহানগর বিএনপির আহ্বায়ক সোহরাব উদ্দিনসহ শীর্ষ ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার রাতে কনস্টেবল আল আমিন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় মামলাটি দায়ের করেন।
সড়কে চলাচল বন্ধ করে জনমনে ভীতি সঞ্চার, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা ইত্যাদি অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
সোমবার বিকেলে পুলিশ-বিএনপি সংঘর্ষের সময় আটক ১৪ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জেলা সভাপতি-সম্পাদক ও নগর আহ্বায়ক ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা সাধারণ সাবেক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকার, সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক নূরে আলম, শ্রীপুর থানা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, কাপাসিয়া থানা বিএনপির সাম্পাদক জাজিজুর রহমান পেরা, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীর মাষ্টার প্রমুখ।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম জানান, মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়। গ্রেপ্তার ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আাদালতে পাঠানো হয়েছে।
