উপনির্বাচনে বিপুল জয়, ঘুরে দাঁড়াচ্ছেন ইমরান খান

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০২:৪০ পিএম

ক্ষমতাচ্যুত হওয়ার পর ফের ক্ষমতা দখলের লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন ইমরান খান। পাকিস্তানে উপনির্বাচনে বড় জয় পেল ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। গত রবিবার ন্যাশনাল অ্যাসেম্বলির আট আসনের মধ্যে ছয় আসনেই জয়ী হয়েছে ইমরানের দল। যার মধ্যে সাতটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিল পিটিআই। অন্য দিকে, পাঞ্জাব অ্যাসেম্বলির তিন আসনের উপনির্বাচনে দুটিতেই জয় পেয়েছে পিটিআই। যার ফলে ধাক্কা খেয়েছে সে দেশের ক্ষমতাসীন জোট।

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) বা পিএমএলএন শুধুমাত্র শেখুপুরা উপনির্বাচনে জয়ের মুখ দেখেছে। করাচি ও মুলতানের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবশ্য হেরেছে ইমরানের দল। ওই দুই কেন্দ্রে জিতেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তারপর থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছিল পিটিআই। শাহবাজ শরিফের সরকারকে সরাতে উঠেপড়ে লাগেন ইমরান-অনুগামীরা। দেশের বিভিন্ন প্রান্তে সভা-সমাবেশ করে পিটিআই। তারপর এই উপনির্বাচনে অধিকাংশ আসনে ইমরান খানের দলের জয় উল্লেখযোগ্য।

অন্যদিকে, ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ স্লোগান দিয়ে ‘লং মার্চ’ শুরু করার কথা ঘোষণা করেছেন ইমরান খান। ঘোষণা করেছেন, দেশজুড়ে অভূতপূর্ব সমর্থনের জোয়ারে ভেসে তিনি রাজধানী ইসলামাবাদ পৌঁছাবেন। তারপর সরাসরি কথা বলবেন দেশবাসীর সঙ্গে। সেখানেই ঠিক হবে ভবিষ্যৎ রণকৌশল। সদ্যসমাপ্ত উপনির্বাচনে জয়ের পর ইমরানপন্থীরা বাড়তি অক্সিজেন পেল বলেই মনে করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত