টাকা নিয়ে ভোট না দেওয়ায় নারী প্যানেল চেয়ারম্যানকে মারধর!

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০২:২৪ এএম

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে টাকা নিয়েও ভোট না দেওয়ার সন্দেহে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডেকে নিয়ে প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত নারীসহ দুই ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্যানেল চেয়ারম্যান গতকাল রবিবার সকালে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছেন।

গত ১৭ অক্টোবর সারা দেশের মতো গাজীপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পরাজিত হয়ে সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাক মাস্টার ও তার সমর্থকরা ভোট কেনার টাকা ফেরত পেতে মরিয়া হয়ে ওঠেন। এর ধারাবাহিকতায় ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম সরকার শনিবার বিকেলে তার বাড়িতে পরিষদের সাধারণ ও নারী সদস্যদের ডেকে এনে বৈঠক করেন। সেই বৈঠকে ওই পরাজিত সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাক ও তার সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল উপস্থিত ছিলেন। বৈঠকে টাকা নিয়েও জেলা পরিষদের সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাক মাস্টারের ঘুড়ি মার্কায় কেন ভোট দেওয়া  হলো না, ওই বিষয় নিয়ে নানা আলোচনা ও সমালোচনা করা হয়। এ সময় উভয়ের মধ্যে বাগ্বিত-ার সৃষ্টি হলে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের নেতৃত্বে প্যানেল চেয়ারম্যান স্বপ্না আক্তার ও ইউপি সদস্য শফিকুল ইসলামকে মারধর করা হয়। একপর্যায়ে শফিকুল ইসলাম পালিয়ে যান। পরে স্থানীয়রা ওই নারী সদস্যকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল বলেন, ‘তারা (মেম্বার) ঘুড়ি মার্কার প্রার্থীর কাছ থেকে টাকাও নিল আবার ভোটও দিল না। এটা জানতে চাইলে তারাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে।’

জেলা পরিষদের পরাজিত প্রার্থী আব্দুর রাজ্জাক মাস্টার বলেন, ‘চেয়ারম্যানের বাড়িতে বৈঠক বসার খবর পেয়ে আমিও সেখানে যাই। তবে প্রাথমিক আলোচনার পর আমি চলে আসি। পরে সেখানে কী হয়েছে, তা আমি বলতে পারব না।’

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, থানায় একটি অভিযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত