‘নিঙোল চাকৌবা’ মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের একটি উৎসব। ভাইয়ের বাড়িতে বোনকে ভূরিভোজের আমন্ত্রণই এ উৎসব। মূলত ভাইফোঁটার সময় মণিপুরীদের ঐতিহ্যবাহী এ উৎসব পালিত হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জে এ উৎসব পালন করে মণিপুরী সম্প্রদায়।
মণিপুরী কালচারাল কমপ্লেক্স, ভারতের মণিপুর পেট্রিওটিক রাইটার্স ফোরাম এবং বাংলাদেশ মণিপুরী ইয়ুথস ফোরাম যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।
উৎসবে প্রধান অতিথি ছিলেন ভারতের মণিপুরের সংস্কৃতিমন্ত্রী এল সুসিন্দ্র মৈতৈ।
সম্মানিত অতিথি ছিলেন মণিপুর রাজ্যের মহারাজা ও রাজ্যসভার সংসদ সদস্য লইশেম্বা সানাজাওবা।
আয়োজকেরা জানান, কমলগঞ্জের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে নানা আয়োজনে এ বছর ‘নিঙোল চাকৌবা’ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বাংলাদেশের মণিপুরী অধ্যুষিত বিভিন্ন অঞ্চলের প্রায় দু শ ‘নিঙোল’ বা বোনদের আমন্ত্রণ জানিয়ে প্রায় দু শ ‘পিবা’ বা ভাইদের উপস্থিতিতে ভূরিভোজ ও উপহারসামগ্রী প্রদানের আয়োজন করা হয়।
মণিপুরী কালচারাল কমপ্লেক্সের কালচারাল সেক্রেটারি ইবুংহাল শ্যামল দেশ রূপান্তরকে বলেন, ‘ভারতের মণিপুরে এবং মণিপুরী অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে এ উৎসবটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়ে আসছে। উৎসবে ভাইয়েরা তাদের বোনদের ভূরিভোজের আমন্ত্রণ জানায়, খাওয়া-দাওয়ার পর ভাইয়েরা বোনদের নানা উপহার দিয়ে আশীর্বাদ করে। বোনরাও ভাইদের জন্য তাদের সাধ্যানুযায়ী উপহার নিয়ে আসে। তারাও তাদের ভাইদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আশীর্বাদ করে।’
