আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপির সহযোগী সংগঠন যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত যুব সমাবেশে টুকু বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিলাম পারলে আজকের সমাবেশে যে পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়েছেন তার ১০ ভাগের ১ভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারেন কি না।’
তিনি বলেন, ‘যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে। যুবলীগের চেয়ারম্যান বলেছেন তারা রাজপথ দখল করবেন। আমি বলছি পারবেন না। রাজপথ আমাদের দখলে রয়েছে এবং থাকবে। আওয়ামী লীগ বলেছিল সেপ্টেম্বর মাস রাজপথ তাদের দখলে থাকবে। কিন্তু তারা রাজপথ দখলে নিতে পারেনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিকদের দখলে থাকবে রাজপথ।’
যুবদল নেতা বলেন, ‘ইতিমধ্যে রাজপথের আন্দোলনে আমাদের তিনজন নেতা নিহত হয়েছেন। আন্দোলনকে আমরা ভয় পাই না। যে কোনো মূল্যে আমরা রাজপথে আন্দোলন সফল করে সরকারের পতন ঘটাব।’
টুকু বলেন, ‘আমরা লাল ও সবুজ রংয়ের ক্যাপ দিয়েছি নেতাকর্মীদের। কারণ লাল ও সবুজ আমাদের জাতীয় পতাকার রং। ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকারের হাতে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। সীমান্তে গুলি হয় সরকার কথা বলে না। মিয়ানমার গুলি করে কথা বলে না। সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিদেশে গিয়ে ধর্ণা দেয়। বলে অবৈধ সরকারকে ক্ষমতায় রাখতে হবে। যারা দেশের জনগণের ওপর আস্থা রাখতে পারে না তাদের হাতে দেশ নিরাপদ নয়। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র। সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। যারা গণতন্ত্র ধ্বংস করে তাদের কি ক্ষমতায় থাকা উচিত। আমরা স্বাধীনতা রক্ষার শপথ নিয়েছি।’
