আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১১:০০ পিএম

উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় উপকূল থেকে ফের দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএমস) ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। দক্ষিণের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, শুক্রবার উত্তর কোরিয়ার খাংওন প্রদেশের থুংছান এলাকা থেকে এসআরবিএমসগুলো ছোড়া হয়। যেকোনো ধরনের উসকানি থেকে প্রতিবেশী দেশটিকে বিরত রাখার লক্ষ্য নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে চলা দক্ষিণ কোরিয়ার বড় ধরনের সামরিক মহড়ার শেষ দিন এসব ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দক্ষিণের সামরিক বাহিনীর এ মহড়াকে ‘উসকানি’ অবহিত করে এর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল।

তবে জেসিএস বলেছে, তাদের সামরিক বাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থা বজায় রাখছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রক্ষা করে চলছে এবং পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদার করেছে বলেও জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য তাৎক্ষণিকভাবে কোনো হুমকি সৃষ্টি করেনি। ২০১৭ সালের পর থেকে উত্তর কোরিয়া তাদের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাড়তে থাকা এমন আশঙ্কার মধ্যেই এ দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত