ইউআইইউ ভিএলএসআই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুয়েট

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৯:৫৮ এএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন (ভিএলএসআই) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টিম। 

ভিএলএসআই ডে-২০২২ উপলক্ষে ইউআইইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ বুধবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাঈনুউদ্দিন হাসান রশিদ, ইউআইইউ’র বিওটি সদস্য মালিক তালহা ইসমাইল বারি, ইউআইইউ’র সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রিজওয়ান খান এবং বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের সিইও মো. সাখাওয়াত হোসেন, উলকাসেমি লিমিটেডের সিনিয়র ডিরেক্টর আব্দুল মুবিন আহমেদ এবং ডাইনামিক সলিউশন ইনোভেটরসের সিটিও ও চেয়ারম্যান মোজাহেদুল হক আবুল হাসানাত।

প্রতিযোগিতায় দেশের ৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৬টি দল অংশ নেয়। সেখানে ফাইনাল রাউন্ডের জন্য ১৫টি দল বাছাই করা হয়। এর মধ্যে প্রথম স্থান অর্জন করা বুয়েটের টিম আইডি #০৫ কে ২ লাখ টাকার চেক, দ্বিতীয় স্থান অর্জন করা ইউআইইউর টিম আইডি #০২ কে ১ লাখ টাকার চেক এবং তৃতীয় স্থান অর্জন করা ইউআইইউর টিম আইডি #০১ কে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অংশগ্রহণকারী এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত