নারায়ণগঞ্জে ক্রেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক-সহকারী নিহত

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১১:৩৭ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালা এলাকায় ক্রেন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ক্রেনের চালক মো. রাসেল (২৮) ও সহকারী মো. ফাহিম (২১)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার কিল্লা বাজারে।

নিহত দুজনের সহকর্মী সুমন বলেন, বন্দরের কেওডালায় হক ব্রাদার্স নামের ক্রেন মেরামত প্রতিষ্ঠানে ক্রেন মেরামত করার সময় ক্রেনটি ওপরের দিকে ওঠালে সেটি বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে চালক রাসেল ও সহকারী ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত