সিঙ্গাইরে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১১:২৫ এএম

স্বামী ও ননদের অত্যাচার সহ্য করতে না পেরে মাহমুদা আক্তার মিতু (২৪) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

রোববার( ৩০ অক্টোবর) বিকেল ৩টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের গাজীন্দা এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাহমুদা আক্তার মিতু ঢাকা জেলায় কাউন্টার টেরোরিজম ইউনিট পূর্বাচল পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলার ইসলামপুর বালিয়াচর পূর্বপাড়া গ্রামের আবুল মালেকের মেয়ে।

নিহতের পরিবারের দাবি, মিতু প্রেমের সম্পর্কের মাধ্যমে ৪ বছর আগে তার মামাতো ভাই আশুলিয়া থানার আতাউর রহমানের পুত্র অপুকে (৩০) বিয়ে করেন। বিয়ের পর মিতু স্বামীর সঙ্গেই থাকতেন। সেখানে স্বামীর পরিবারের সঙ্গে তার অশান্তি হয়। এরপর মাহমুদা আক্তার গত ৩ মাস আগে সিংগাইর উপজেলার গাজিন্দা গ্রামে বাসা ভাড়া নিয়ে সেখান থেকে অফিস করতেন। গত শুক্রবার দুপুরে স্বামী অপুর সঙ্গে তার ঝগড়া হলে স্বামী তাকে মারধর করেন। এ ঘটনার জের ধরে সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন বলে ধারনা করা হচ্ছে।

বাড়ির মালিক আবু হানিফ বলেন, শনিবার রাতের খাবার খেয়ে মিতু ঘুমিয়ে পড়ে। পরের দিন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

নিহত পুলিশ কনস্টেবল মিতুর পিতা আবদুল মালেক জানান, স্বামী অপু ও তার ছোট বোন সেলিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মেয়ে আত্মহত্যা করেছেন।

লাশের সুরতহালকারী কর্মকর্তা ধল্লা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম বলেন, লাশের পাশ থেকে ফুরাডান নামের কীটনাশক উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সিংগাইর সার্কেল আব্দুল্লাহ আল-ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত