ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০২:৩৩ পিএম

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে নগরীর নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৫ অক্টোবর বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের দিন রেলওয়ে স্টেশন এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল করেন যুবদল। মিছিল শেষে ফেরার পথে শকিলকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গত ১৫ অক্টোবর বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে একটি মিছিল ফেরার পথে ময়মনসিংহ নগরীর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়।

এ সময় তিন পুলিশ সদস্যসহ মহানগর আওয়ামী লীগের এক নেতা আহত হন। পরে ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

রেলওয়ে স্টেশন এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত