চোখে মাতৃত্বের দীপ্তি; বুকে এক টুকরো কাপড় বেঁধে মেটারনিটি ফটোশুটে বিপাশা

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৫:০০ পিএম

শরীরের ওপর অংশে বাঁধা সোনালি কাপড়ের টুকরো। সেই কাপড়ের আড়াল দিয়েই উঁকি দিচ্ছে বেবি বাম্প। মা হচ্ছেন বিপাশা বসু। ফের একবার মেটারনিটি ফটোশুটে ধরা দিলেন বিপাশা। হবু মা বিপাশার চোখে ফুটে উঠেছে অদ্ভুত মায়াবী মাতৃত্বের দীপ্তি। পোশাকের সঙ্গে মিলিয়ে কানে পরেছেন সোনালি বড় বড় দুল।

শুক্রবার সোশাল মিডিয়ায় মেটারনিটি ফটোশুটের ছবি দিয়ে বিপাশা লিখেছেন, 'নিজেকে সব সময় ভালোবাস। যে শরীরে বেঁচে আছ, তাকে ভালোবাস।'

পোস্ট করা মাত্রই হবু মা বিপাশা বসুর মেটারনিটি শুটের ছবি ভাইরাল। বিপস-এর এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়েছে। একজন লিখেছেন, 'বেবি বসু গ্রোভারকে দেখার জন্য আর অপেক্ষা সইছে না।' কারো প্রশ্ন, 'বিপাশা বসু কবে সুখবর দেবেন?'

অনেকেই আবার বিপাশার এই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

অন্তঃসত্ত্বা অবস্থায় এর মধ্যেই বিপাশা নানা লুকে সামনে এসেছেন। সম্প্রতি দীপাবলিতে সবুজ রঙের সারারা ড্রেসে সেজে সামনে এসেছিলেন বিপাশা। পোস্ট করেন নানা মুহূর্ত। দীপাবলির পূজাতেও বসতে দেখা যায় তাকে। মা হওয়ার আগে নিজের লুক বদলাতে চুল কেটে নতুন হেয়ারস্টাইলও করেন বিপস। পোস্ট করেন সেই লুক বদলের ভিডিও।

১৬ অগস্ট সকালে ইনস্টাগ্রামে করণের সঙ্গে জোড়া ছবি শেয়ার করে এই সুসংবাদ দেন বিপাশা নিজেই। ইনস্টাগ্রামে বিপাশা লেখেন, 'জীবনে একটা নতুন সময় আসতে চলেছে। নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। জীবনের প্রিজমে একটা নতুন স্বতন্ত্র আলোক রেখা যোগ হতে চলেছে। আমরা যা ছিলাম, তার থেকে আরো একটু বেশি পরিপূর্ণ হতে চলেছি।' বিপাশা আরো লেখেন, 'আমরা দুজনেই জীবনটা শুরু করেছিলাম আলাদা আলাদাভাবে। তারপর একদিন আমাদের দুজনের দেখা হয়। সেই থেকে আমরা দুজনই ছিলাম। তবে মনে হচ্ছে আমাদের দুজনের, শুধুমাত্র দুজনের জন্য এতটা ভালোবাসা ঠিক হচ্ছিল না... তাই খুব শিগগিরই আমরা তিন হতে চলেছি। আমাদের ভালোবাসার, আমাদের সন্তান খুব শিগগিরই আমাদের সঙ্গে যোগ দেবে। আর আমাদের আনন্দকে আরো বহুগুণে বাড়িয়ে দেবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা, প্রার্থনা আর শুভেচ্ছা সব সময় আমাদের সঙ্গে থেকেছে। আমাদের জীবনে এভাবে জুড়ে থাকার জন্য সবাইকে আবারো ধন্যবাদ। এবার আমাদের সন্তানের স্পর্শে, জীবন আরো সুন্দর হতে চলেছে।' সূত্র : টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত