শিশুদের ১২% ও প্রাপ্তবয়স্ক ১৮% মানসিক রোগে ভুগছে

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০১:৫২ এএম

দেশে বর্তমানে ১৮ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ও ১২ শতাংশ শিশু কোনো না কোনোভাবে মানসিক রোগে ভুগছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যসেবার ব্যাপ্তি বাড়ানো এবং একে দীর্ঘমেয়াদে টেকসই করতে জনবল গড়ে তোলার পাশাপাশি পর্যাপ্ত বাজেট দেওয়া জরুরি।

গতকাল রবিবার রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে অনলাইনে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও জাতিসংঘ মহাসচিবের মানসিক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ বেশ কিছু উদ্যোগ ও প্রস্তাব দিয়েছেন। এগুলো দেশের মানুষের জন্য কল্যাণের হবে। মানসিক স্বাস্থ্যের উন্নয়নে তার প্রস্তাবগুলো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মূল আলোচনায় অংশ নিয়ে সায়মা ওয়াজেদ বলেন, ‘বাংলাদেশে মানসিক রোগ বিশেষজ্ঞের স্বল্পতা প্রকট। তথাপি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আইন, নীতিমালা ও কৌশলপত্র প্রণয়নসহ বাংলাদেশের বেশ কিছু প্রণিধানযোগ্য কাজ রয়েছে। এখন প্রয়োজন তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মানসিক স্বাস্থ্যসেবার পাশাপাশি জনগণের ভেতরে মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাও জরুরি।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি অন্যান্য সেক্টর, নাগরিক ও সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী এবং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত