সম্প্রতি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলসহ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থিরচিত্র প্রকাশ করেছে উত্তর কোরিয়া।
একই সঙ্গে সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নিন্দা করে দেশটি জানিয়েছে, একটি ‘প্রকাশ্য উসকানি ও বিপজ্জনক যুদ্ধ মহড়া’র বিরুদ্ধে তাকে প্রতিক্রিয়া জানাতে হয়েছিল। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে কোরিয়ার পিপলস আর্মির জেনারেল স্টাফ জানিয়েছে, টেকসই, দৃঢ় ও অপ্রতিরোধ্য ব্যবহারিক সামরিক ব্যবস্থার মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার জবাব দিতে থাকবে উত্তর কোরিয়া।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সোমবার এই তথ্য জানিয়েছে।
গত সপ্তাহেই উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ক্রুজ মিসাইল ও শতাধিক আর্টিলারি শেল রয়েছে।
এরপরই দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সতর্ক স্টর্ম এয়ার ড্রিল পরিচালনা করে; যা পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় পাঁচ দিন থেকে বাড়িয়ে ছয় দিন করা হয়েছিল।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বলছে, এটি ছিল ‘ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে প্রকাশ্য উসকানি এবং খুব উচ্চ আক্রমণাত্মক প্রকৃতির একটি বিপজ্জনক যুদ্ধ মহড়া।
এই সতর্ক স্টর্মে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বি-১বি বোমারু বিমানসহ শতাধিক যুদ্ধবিমান অংশ নেয়।
২০১৭ সালের ডিসেম্বরের পর এই প্রথম কোরীয় উপদ্বীপে বি-১বি উড়েছে।
