‘হডসনের বন্দুক’। প্রশান্ত অধিকারীর এই ছবিটিকে ২০১২-১৩ অর্থবছরে অনুদান দিয়েছিল সরকার। এরপর পেরিয়ে গেছে ৯ বছর। অবশেষে আগামী ২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘হডসনের বন্দুক’।
আজ বুধবার (৯ নভেম্বর) প্রকাশ হবে গোয়েন্দা গল্পনির্ভর ছবিটির ট্রেলার। এরপর একে একে আসবে ছবির গানগুলো। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও মৌসুমী হামিদ।
‘হডসনের বন্দুক’ মুক্তিতে কেন এত দেরি? জানতে চাইলে নির্মাতা প্রশান্ত অধিকারী বলেন, এ অনেক লম্বা গল্প। আমি মূলত চিত্রশিল্পী। নিজের প্রথম সিনেমা, ইচ্ছে ছিল অনেক বড় করে বানাব। যখন চিত্রনাট্য লিখছিলাম, তখন ভাবনায় ছিলেন প্রয়াত হুমায়ুন ফরীদি। তিনি মারা গেলেন। এরপর আমি ভারতের নাসিরুদ্দিন শাহ, সব্যসাচী চক্রবর্তী, অঞ্জন দত্ত- অনেকের কাছেই গেছি। দীর্ঘ সময় আমি কাস্টিংয়ের পেছনে ছুটেছি। এরপর মিশা সওদাগরকে নিয়েছিলাম। দিন পাঁচেক শুটিংও করি তাকে নিয়ে। কিন্তু শেষমেষ কাজ করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, এসব কাজের জন্য প্রচুর সময় চলে যাচ্ছিল। আরো কিছু বিষয় ছিল। নানা কারণে সময় লেগে গেছে। এ ছাড়া্ও প্রশান্তর ব্যক্তিগত জীবনেও চলে নানা সংকট।
সবশেষে তিন বছর আগে ‘হডসনের বন্দুক’ নির্মাণ শেষ হয় এবং সেন্সর ছাড়পত্র মেলে। কিন্তু আবার হানা দেয় মহামারি, আটকে যায় ছবিটির অগ্রযাত্রা।
এদিক, বাজেট, প্রযুক্তি নানা কারণে সময়ের তুলনায় কিছুটা পিছিয়ে ছিল ‘হডসনের বন্দুক’-এর নির্মাণশৈলি। তাই পুনরায় ছবিটির সংশোধন, সংস্কার করেন প্রশান্ত অধিকারী।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত ‘হডসনের বন্দুক’। এতে আরো অভিনয় করেছেন মাজিদ শিখালিভ (রাশিয়া), এস এম মহসিন, কাজী উজ্জল, অর্ণব অন্তু প্রমুখ। দেশের পাশাপাশি বিদেশেও ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।
