মৌসুমের প্রথম দিনেই মাঠে শেখ রাসেল

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০১:৫৭ এএম

পাক্কা ১০২ দিন বিরতি শেষে আজ মাঠে গড়াচ্ছে ফুটবল মৌসুম। স্বাধীনতা কাপের ১২তম আসর দিয়ে শুরু হচ্ছে মৌসুম। আর প্রথম দিনেই মাঠে নামছে দুই বড় দল শেখ রাসেল ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে দুদলের প্রতিপক্ষ ভিন্ন। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ গ্রুপের ম্যাচে শেখ রাসেল মোকাবিলা করবে ফর্টিজ ফুটবল ক্লাব লিমিটেডের। আর মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে একই গ্রুপের অপর ম্যাচে এই টুর্নামেন্টের সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন মোহামেডানের প্রতিপক্ষ বাছাইপর্ব উতরে আসা বাংলাদেশ নৌবাহিনী।

স্বাধীনতা কাপ মূলত নতুন মৌসুমকে সামনে রেখে কে কেমন দল গড়ল, কোন দলের গভীরতা কতটুকু তা নির্ণয়ের মঞ্চ। গত মৌসুমে এই আসরের চ্যাম্পিয়ন ছিল আবাহনী লিমিটেড। বসুন্ধরা কিংসকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই আসরের শিরোপা জিতেছিল ধানম-ির ক্লাবটি। ১১টি প্রিমিয়ার লিগের ক্লাবের সঙ্গে ৫টি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ও সার্ভিসেস দল নিয়ে হচ্ছে এই আসর। ১৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে চূড়ান্তপর্ব। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কারকার্য শেষ না হওয়ায় এ বছর স্বাধীনতা কাপের সব খেলা হবে ঢাকার বাইরের তিনটি মাঠে। মুন্সীগঞ্জ, কুমিল্লা ছাড়াও খেলা হবে গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। আসরের ফাইনাল ৫ ডিসেম্বর কুমিল্লায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত