আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা, এরপরই কাতারে শুরু হয়ে যাবে ফুটবল বিশ্বকাপের মহারণ। রোমাঞ্চ নিয়ে সবাই তাকিয়ে কাতারের দিকে। ফুটবলাররাও অপেক্ষায় নিজেদের মেলে ধরার।
এবারের বিশ্বকাপের মঞ্চে আলো ছড়াতে পারেন এমন পাঁচ মিডফিল্ডারকে নিয়ে এই প্রতিবেদন-
কেভিন ডি ব্রুইন
মতান্তরে বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক সময়ের সাফল্যের অন্যতম প্রধান কাণ্ডারিও তিনি। ব্যালন ডি’অর তালিকায় এ বছর তৃতীয় স্থানে শেষ করেছিলেন বেলজিয়ান তারকা। একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।
লুকা মদ্রিচ
বছর দুয়েক আগেই ব্যালন ডি’অর জিতেছিলেন লুকা মদ্রিচ। বয়স ৩৭ পার করেছে, তবে তাতেও তার দক্ষতায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। সম্ভবত এবার নিজের শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। তাই তার দিকে নজর থাকবেই। ক্রোয়েশিয়ার হয়ে নিশ্চয়ই নিজের সেরাটা দিয়েই বিদায় নিতে চাইবেন এই তারকা মিডফিল্ডার।
কাসেমিরো
তালিকায় মদ্রিচের সাবেক রিয়াল সতীর্থ কাসেমিরোও থাকবেন। ব্রাজিল দলের অন্যতম স্তম্ভ তিনি। নিজের পজিশনে তাকে বিশ্বের সেরাদের মধ্যে গণ্য করা হয়। তার ওপর মাঝমাঠ থেকে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কাসেমিরোকে বাকিদের থেকে আলাদা করে।
গাভি
বয়স মাত্র ১৮ বছর। তাতে কী, এই বয়সেই বিশ্বকাপ মাতাতে তৈরি গাভি। স্পেন তথা বার্সেলোনার এই টিনএজার এই বছরই ফ্রান্স ফুটবলের বিচারে সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন। তাই স্বাভাবিক কারণেই তার দিকে নজর থাকবে।
জেমস ম্যাডিসন
এই বছর সবচেয়ে ফর্মে থাকা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম লেস্টার সিটির জেমস ম্যাডিসন। ইংল্যান্ড তারকা এ বছরে ১৮টি গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন। তার এই দুরন্ত ফর্ম তার দিকে নজর রাখতে বাধ্য করবে।
