জয়পুরহাটে বিজিবি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০২:৫৫ পিএম

জয়পুরহাটে নেপাল দাস (৩৫) নামের এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নেপাল দাস জয়পুরহাট ২০ বিজিবির সিপাহী। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালি মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে।

হাসপাতালসুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার সময় আধুনিক জেলা হাসপাতালে একদল বিজিবি সদস্য আহত নেপালকে জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার ভোরে নিহতের ময়নাতদন্ত শেষে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে নিহত অবস্থায় বিজিবি সদস্যকে হাসপাতালে আনা হয় এবং চিকিৎসকরা তা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তে নিহতের শরীরের বুকে এবং হাতে গুলি লাগার চিহ্ন পাওয়া গেছে বলে তিনি নিশ্চিত করেন। তার মরদেহ ফরিদপুরে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাহেদ আলম জানান, কিভাবে ঘটনাটি ঘটেছে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া বিজিবির অধিনায়কের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত