যুবলীগ নেতার হামলায় সংখ্যালঘু পরিবারের আহত ৫

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০২:১৪ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ নেতার হামলায় হিন্দু সম্প্রদায়ের এক পরিবারের ৫ জনকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরে থাকা কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়। ওই যুবলীগ নেতার নাম খোরশেদ আলম। তিনি গোবিন্দাসী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। গতকাল শুক্রবার সকালে উপজেলার কষ্টাপাড়া এলাকায় ঘোষপাড়ার সুবাস ঘোষ ও প্রদীপ ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে যুবলীগ নেতা খোরশেদ আলম বলেন, ‘৩০ বছর ধরে ওদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। এ সংক্রান্ত একটি মামলাও আদালতে রয়েছে। প্রতিপক্ষের হামলায় আমি ও আমার পরিবারের লোকজন আহত হয়ছি।’

ভূঞাপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, দুপক্ষের মধ্যে বাড়ির সীমানা নিয়ে আদালতে মামলা রয়েছে। এ নিয়ে শুক্রবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত