রেশন কার্ডে বারবার নাম আর পদবির বানান ভুলে বিরক্ত যুবক। বারবার সংশোধনের আবেদন জানিয়েও লাভ হয়নি। উল্টো শেষবার পদবির জায়গায় ‘দত্ত’-র বদলে এসেছে ‘কুত্তা’। অপমানিত যুবক অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন। সরকারি কর্মকর্তাকে ঘিরে কুকুরের ডাক ডেকে পথ আটকালেন যুবক।
বেশ সুন্দর পোশাকে ব্যাগ হাতে একগুচ্ছ কাগজ নিয়ে সরকারি কর্মকর্তার গাড়ির জানলার কাছে মুখ রেখে ঘেউ-ঘেউ করে যাচ্ছেন বছর ৪০ বছর বয়সী ব্যক্তি! আর এই দৃশ্য দেখে ওই কর্মকর্তা পড়ছেন চরম বিড়ম্বনায়। তার চোখে-মুখেও এ ছাপ স্পষ্ট। কিন্তু কেনো এমন করছেন ওই ব্যক্তি?
আসলে এটা তার প্রতিবাদের ভাষা। ওই ব্যক্তির নাম শ্রীকান্তি কুমার দত্ত। ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া-২ নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের কেশিয়াকোল গ্রামের বাসিন্দা শ্রীকান্তি দত্ত। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে দেয়া রেশন কার্ডের যে প্রতিলিপি তিনি পেয়েছেন সেই জায়গায় দত্ত (Dutta) নয়, তার পদবী হয়ে গেছে ‘কুত্তা’ (Kutta)। এমন ভুলের প্রতিবাদে তাই এই অভিনব পন্থা নিলেন শ্রীকান্তি।
শ্রীকান্তি জানান, প্রথম বার তিনি যখন রেশন কার্ড হাতে পান, সেখানে পদবী আসে মণ্ডল। পরে আবার তিনি সেটি সংশোধনের আবেদন করলে পদবী ঠিক এলেও নাম আসে শ্রীকান্ত। এরপর তিনি তৃতীয়বারের মতো নাম সংশোধনের আবেদন করেন। পরবর্তীতে চলতি মাসের ১১ তারিখ রেশন কার্ড ডাউনলোড করলে তিনি দেখতে পান তার নাম এসেছে ‘শ্রীকান্তি কুমার কুত্তা’।
এটা দেখার পর শ্রীকান্তি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে সরকারি অফিসে গিয়ে কর্মকর্তার গাড়ি দেখেই তার পিছনে ছুটে ঘেউ-ঘেউ করে প্রতিবাদ করেন। তবে তার প্রতিবাদের কোনো জবাব না দিয়ে ওই কর্মকর্তা সেখান থেকে এক প্রকারে পালিয়ে যান।
দেশ রূপান্তরের বিশ্বকাপ চমক: কুইজে অংশ নিয়ে রূপায়নের ফ্ল্যাট জিতুন
