রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফিনল্যান্ড। গত শনিবার বাহরাইনে ১৮তম আইএসএস মানামা সংলাপের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো। বৈঠকে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এমন আশ্বাস পাওয়া যায়।
ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দেওয়া এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশে টিকা কার্যক্রমের সফল বাস্তবায়নের মাধ্যমে কভিড-১৯ মোকাবিলা ও অভূতপূর্ব উন্নয়নে গৃহীত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।
বাংলাদেশ ও ফিনল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক ফোরামে বহুপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন।
ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। এই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সবুজ শক্তি বা গ্রিন এনার্জির বিষয়ে ফিনল্যান্ডের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং এ ক্ষেত্রে বাংলাদেশকে দক্ষতা ও প্রযুক্তি দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশে^ খাদ্য ও জ¦ালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, এই যুদ্ধের ফলে মূলত সারা বিশ্বের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উভয় পররাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত সব দেশের জনগণের কল্যাণে অনতিবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিসমাপ্তির ওপর গুরুত্বারোপ করেন।
