বিসিএল ওয়ানডেতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল সাউথ জোন। এবার অভিজ্ঞ নাঈম ইসলামের সেঞ্চুরিতে ভালো জয় পেয়েছে তারা। আগে ব্যাট করে নাঈমের ১০২ রানে ৫ উইকেটে ২৮২ রান তোলে সাউথ। জবাবে সেন্ট্রাল জোন ৯ উইকেটে করে ২৫৬।
সাভারে দিনের অপর ম্যাচে তারকানির্ভর ইসলামী ব্যাংক ইস্ট জোন হেরেছে। প্রথম ম্যাচ জেতা দলটি ১৫৫ রানে অলআউট হয়ে ৮ উইকেটে ২১৬ রান করা নর্থ জোনের কাছে হেরেছে ৬১ রানে।
সাভারের চার নম্বর মাঠে সাউথের ইনিংস ছিল রান-উর্বরা। ১২ রানের মাঝে বিজয় ও জাকিরকে হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৮১ বলে ৬৩ রান করা নাঈম শেখকে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন নাঈম ইসলাম। পরে চতুর্থ উইকেটে আরও বড় জুটি। এবার ৮৭ বলে ৭৫ রান করা নাসির হোসেনকে নিয়ে ১৪০ রান যোগ করে ফেরেন নাঈম। ১০৬ বলে ১২ চার ও ১ ছক্কায় ১০২ রান নাঈমের। জবাবে মোসাদ্দেক ৫১ ও জাকের আলি ৫৩ করলেও বাকিদের বড় রানের ব্যর্থতায় হারে সেন্ট্রাল জোন।
অন্য ম্যাচে ফজলে মাহমুদের ৯০ ও সাইফউদ্দিনের ৪৪ রানে নর্থ জোনের রান দুইশো পার করে। জবাবে তামিম-মুশফিক-আফিফদের মতো বড় তারকাদের ব্যর্থতায় ১৫৫ রানে গুটিয়ে যায় ইস্ট জোন। টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটে রান পেয়েছেন ইয়াসির আলি (৪১)।
দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার দলে তালিকায় শীর্ষে আছে সাউথ। ফাইনালও প্রায় নিশ্চিত দলটির। কোনো জয় না পাওয়া সেন্ট্রাল শেষে। আর সমান ২ পয়েন্ট ইস্ট ও নর্থ জোনের।
