দুই বাংলার কবি-লেখকদের নিয়ে বগুড়ায় কবি সম্মেলন শুরু

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৩:৫৬ পিএম

এপার বাংলা ও ওপার বাংলার ৩ শতাধিক কবিকে নিয়ে শুক্রবার বগুড়ায় শুরু হয়েছে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন।

৩৫ বছরে পদার্পণ করা বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন প্রতি বছরই অনুষ্ঠিত হয়। ওপার বাংলার লেখকরা এবারের আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুক্রবার বেলা ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কবি কামাল চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) এর অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ভারতীয় কবি প্রাণজি বসাক, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান রোকেয়া ইসলাম, কবি আসাদ সামী।

বগুড়া লেখক চক্রের সদস্য কথা সাহিত্যিক রিপন আহসান ঋতুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, বগুড়া ইয়্যুথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, আনন্দ কণ্ঠ বগুড়ার সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা।

উদ্বোধনী অনুষ্ঠানে কবি কামাল চৌধুরী বলেন, কবিদের নিয়ে মেলার আয়োজন হয়েছে। এই কবি মেলায় কবিদের মাঝে সম্মানিত করা হবে।

কবিরা ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা, স্বাধীনতা থেকে সকল লড়াই সংগ্রামে কবিদের লেখা জাগরণ ঘটিয়েছে। এই সম্মেলন সফলতা কামনা করি।

অনুষ্ঠানে কবি কামাল চৌধুরী বেশ কিছু ছোট কাগজ ও লিটল ম্যাগের মোড়ক উন্মোচন করেন অতিথিদের নিয়ে।

বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক জানান, বগুড়াকে তুলে ধরতে ৩৫ বছর ধরে কাজ করে যাচ্ছে লেখক চক্র। এবারের কবি সম্মেলনে ভিন্নমাত্রা যোগ করেছেন ওপার বাংলার কবি সাহিত্যিকেরা। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৩০ জন ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৪০ জন কবি অংশ নিয়েছেন।

ভারতের দিল্লী থেকে আগত কবি প্রাণজি বসাক বলেন, দিল্লীর ১৪ লাখ বাঙালির পক্ষ থেকে বার্তা এনেছি। বাংলার কবিদের এই মিলন, যা আমাকে অভিভূত করেছে। কবিদের লেখনীর আরও বিকাশ হোক। লেখনীর যুদ্ধ ঋদ্ধ করুক সমাজ, দেশ ও জাতির।

ভারতের কলকাতা থেকে কবি সম্মেলন আগত কবি ফুললরা মুখোপাধ্যায় বলেন, বগুড়া লেখক চক্রের আয়োজন দেখে আমি মুগ্ধ। আমি এর আগে বাংলাদেশে এসেছি। এমন আয়োজনে আমি বারবার আসতে চাই। বাংলা ভাষাভাষীর কবিদের সম্পর্কের সূত্র আরও বড় হচ্ছে। বাংলার কবি সাহিত্যিকদের সমৃদ্ধ করতে এই আয়োজনগুলো আরও দরকার।

কবি সম্মেলনের তিন দিনে ২০টি সেশনের বিভিন্ন পর্বে কবি সাহিত্যিকেরা অংশগ্রহণ করবেন।

কবি সম্মেলনের দ্বিতীয় দিন নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় ৫ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২২ প্রদান করা হবে।

কবি সম্মেলনের তৃতীয় দিন মইন ইকোপার্কে কবিতা ভ্রমণ, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত