রসিক নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৫:৫২ পিএম

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ দলীয়ভাবে ৭ জন এবং স্বতন্ত্র তিন জনসহ মোট ১০ জন মেয়র পদে মনোনয়পত্র দাখিল করেছেন। 

এছাড়া সংরক্ষিত আসনে ৬৯ জন এবং কাউন্সিলর পদে ১৯৮ জনসহ মোট ২৭৭ জন প্রার্থী মঙ্গলবার (২৯ নভেম্বর) শেষ দিন বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন দাখিল করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর আঞ্চলিক রির্টানিং কর্মকর্তা আব্দুল বাতেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত রসিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। অন্যান্য দিনের চেয়ে আজ সকাল থেকে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। 

দলীয়ভাবে মেয়র পদে ৭ জন হলেন, আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের মো. আবু রায়হান, খেলাফত মজলিসের মো. তৌহিদুর রহমান মন্ডল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. শফিয়ার রহমান, জাকের পার্টির মো. খোরশেদ আলম। 

স্বতন্ত্র প্রার্থীরা হলেন- মো. লতিফুর রহমান, মো. আতাউর জামান বাবু ও মো. মেহেদী হাসান বনি। এছাড়াও সংরক্ষিত আসনে ৬৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ জনসহ সর্বমোট ২৭৭ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির ভোট গ্রহণ হবে। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর। কেন্দ্রগুলোতে ইভিএম ছাড়াও সিসিটিভি ক্যামেরা স্থাপন করার কথাও রয়েছে।

এদিকে, রসিক নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্বাচনে বর্জন করায় এবং দলের পক্ষ থেকে অনুমতি না দেয়ায় নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য গত রসিক নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওছার জামান বাবলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত