রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২ বুট ক্যাম্পিং আয়োজন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

বাংলাদেশে দেশীয়ভাবে মডেল রকেট ডিজাইন, উন্নয়ন এবং উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের এটুআই-এর অধীনে 'রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২' প্রোগ্রামের আওতায় বুট ক্যাম্পিংয়ের আয়োজন সম্পন্ন হয়েছে।    

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ঢাকা (অস্থায়ী) ক্যাম্পাসে দুই দিনব্যাপী (৪ ও ৫ ডিসেম্বর) এ আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতার লক্ষ্য হল দেশীয় প্রযুক্তিতে মডেল রকেট ডিজাইন, উন্নয়ন এবং তৈরির জন্য  প্রতিভা অন্বেষণ করা। প্রাথমিকভাবে এ কর্মসূচিতে সমগ্র দেশ থেকে ১২১টি দল তাদের আইডিয়া অনলাইনে জমা প্রদান করেন। 

বিএসএমআরএএইউ-এর শিক্ষকবৃন্দ এবং আইসিটি বিভাগের বিশেষজ্ঞ সমন্বয়ে একটি যৌথ কমিটি বুট ক্যাম্পিংয়ের জন্য ৩২টি দলকে প্রাথমিকভাবে নির্বাচিত করে। দুই দিনব্যাপী এ আয়োজনে উক্ত ৩২টি দলকে বিএসএমআরএএইউ-এর শিক্ষকবৃন্দ ও বিশেষজ্ঞগণ রকেট্রি বিষয়ে কারিগরি ও অন্যান্য পরামর্শ প্রদান করেন।   

বিএসএমআরএএইউ উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুট ক্যাম্পিংয়ের শুভ উদ্বোধন করেন। 

এ সময় তিনি বুট ক্যাম্পিংয়ে অংশগ্রহণকৃত সকলকে স্বাগত জানিয়ে মহাকাশ বিজ্ঞানে জাতির পিতার কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মের আগ্রহকে সাধুবাদ জানান। 

এ মহৎ প্রচেষ্টায় বিএসএমআরএএইউ সকল সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এয়ার ভাইস মার্শাল (অবঃ) মাহমুদ হোসেন, Distinguished Expert, বিএসএমআরএএইউ স্বাগত বক্তব্য রাখেন এবং জনাব নাঈম আশরাফী,ইনোভেশন ফান্ড এক্সপার্ট, এটুআই প্রোগ্রাম পিচ ডেক উপস্থাপন করেন। 

ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর,  প্রকল্প পরিচালক, এটুআই প্রোগ্রাম সমাপনী বক্তব্য প্রদান করেন। কবীর বিএসএমআরএএইউ কর্তৃপক্ষকে সরকারের এটুআই প্রকল্পের এই উদ্বোধনী প্রচেষ্টাকে সফল করার কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।  

তিনি আশা প্রকাশ করে বলেন, আজকের এ প্রোগ্রামের মাধ্যমে আমরা যে যাত্রা শুরু করেছি তা একদিন বাস্তবায়িত হবে এবং বাংলাদেশের পতাকা মহাশূন্য ভেদ করে চাঁদ, মঙ্গলসহ বিভিন্ন গ্রহ-উপগ্রহে স্থান করে নেবে। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও এটুআই-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত