রোড সেফটি রিপোর্টিং বিষয়ক কর্মশালায় বক্তারা বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সড়কের শৃঙ্খলার গুরুত্বের বিষয়টি সাধারণ মানুষের মাঝে পৌঁছাতে পারে। তাই সড়ক নিরাপদ করতে সাংবাদিকদের আরও এগিয়ে আসতে হবে।
গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় ও ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে রোড সেফটি রিপোর্টিং বিষয়ক দুই দিন ব্যাপী কর্মশালার শেষ দিন বৃহস্পতিবার এসব কথা বলেন প্রশিক্ষকেরা। বুধবার ও বৃহস্পতিবার সাভারের আশুলিয়ার সিসিডিবি-হোপ ফাউন্ডেশনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষকেরা আরও বলেন, দেশের সড়কে ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু রোড ক্রাশের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সড়ক যত উন্নত হচ্ছে যানবাহনের গতি ততই বাড়ছে সেই সঙ্গে ঘটছে মর্মান্তিক রোড ক্রাশ। এসব রোড ক্রাশরোধে দরকার সচেতনতা। আর লেখনীর মাধ্যমে মানুষের মাঝে সড়ক সচেতনতা বাড়াতে পারে সাংবাদিকেরা।
কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন, গ্লোবাল রোড সেফটি অ্যাডভোকেসি অ্যান্ড গ্রান্টস প্রোগ্রাম ম্যানেজার তাইফুর রহমান, জিএইচএআই'র কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম, বিএনএনআরসি'র সিইও এ.এইচ.এম বজলুর রহমান, বাংলাভিশন টিভির সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মোহাম্মদ রুহুল আমিন, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসনাত-ই-রাব্বী।
কর্মশালায় দেশের শীর্ষ স্থানীয় ২০ টি গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।
