লোকে ডাইনি বলছে, তার মানে ভালো কাজ করছি : মধুরিমা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫৪ এএম

গুড্ডি, অনুজ, শিরিনের জীবনে ঝড় যেন থামতেই চায় না। শুরুর দিন থেকেই টানাপড়েন। অনুজ কার? গুড্ডির প্রতি নিজের দুর্বলতা বুঝতে অনেকটাই দেরি করে ফেলেছে অনুজ। ফলে তৈরি হয়েছে আরও এক ভয়ানক পরিস্থিতি। এই হলো ধারাবাহিক 'গুড্ডি'র গল্প। তিন চরিত্রতে বুঁদ দর্শক। কেউ শিরিন শিবিরে, কেউ আবার গুড্ডির শিবিরে।

দুই দলের মধ্যে বেজায় লড়াই। তাই তো এখন শিরিনকে রাস্তায় দেখলেও অনেকের বেশ রাগ হয়। সেই চরিত্রে দর্শক দেখছেন মধুরিমা বসাককে। আর গুড্ডি হলেন শ্যামৌপ্তি মুদলি এবং অনুজের চরিত্রে রণজয় বিষ্ণু। তিনজন মিলেই এসেছিলেন ফেসবুক লাইভে। সেখানেই দর্শকের মন্তব্য অবাক হওয়ার মতো। শিরিনের উদ্দেশে কেউ লিখেছেন, 'শিরিন ডাইনির মতো। ওকে এখনই এখান থেকে ছুড়ে ফেলে দেওয়া হোক।'

দর্শকের কটূ মন্তব্য কতটা প্রভাব ফেলে মধুরিমার মনে? অভিনেত্রী বলেন, 'আমি সহজাত ভাবেই সব মেনে নিই। কারণ আমার চরিত্রগুলো তৈরিই হয় ওভাবে। আর পজিটিভ-নেগেটিভ একে অপরের পরিপূরক। মানুষ আমায় নিয়ে আলোচনা করছেন, কটূ মন্তব্য করছেন মানে আমি আমার কাজে সফল। তারা তো আমার ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করছেন না। আমার কাজ নিয়ে করছেন। তার মানেই আমি ঠিক কাজ করছি।'

টেলিপাড়ায় এই মিষ্টি খলনায়িকাকে দেখতে অভ্যস্ত দর্শক। তাকে কিছুদিন আগে দর্শক দেখেছেন 'এক্স=প্রেম' ছবিতে। এ ছাড়াও স্টুডিওপাড়ায় গুঞ্জন- খুব শিগগিরি একটি ওয়েব সিরিজেও দেখা যেতে পারে নায়িকাকে। সূত্র : আনন্দবাজার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত